দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। রনিৎ প্রসাদ সোনার (১৭), আরাফাত হোসেন (৯) ও আসাদ আলী (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রনিৎ প্রসাদ সোনার পার্বতীপুর পৌরসভার কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার ছেলে, আরাফাত হোসেন পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক আতিকুজ্জামানের ছেলে ও আসাদ আলী পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।
রনিৎ প্রসাদ সোনার ঢাকা সিটি কলেজে ইন্টারমিডেয়েট ১ম বর্ষের ছাত্র, আরাফাত হোসেন পার্বতীপুরের বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাস ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র। আসাদ আলী রাজধানী ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন।
পার্বতীপুরের আইডিয়াল প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক মোছা. ফাতেমা খাতুন বলেন, পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহরের গুলশান নগরের বাসিন্দা কৈলাস প্রসাদ সোনার তার ছেলে রনিৎ প্রসাদ সোনারকে নিয়ে গত ২৯ জুলাই আমার প্যাথলজিতে আসেন। পরীক্ষার পর রনিৎ প্রসাদ সোনারের ডেঙ্গু এনএসআই পজিটিভ রোগ শনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি জানান, ডেঙ্গু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় পার্বতীপুর হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ডেঙ্গু রোগের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে পার্বতীপুরে বেসরকারী পর্যায়ে পরীক্ষা করার মত যন্ত্রপাতি রয়েছে এবং উপজেলার সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আক্রান্ত রোগী ও পরিবারকে যোগাযোগ করার জন্য গত বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (০১৩১০১১৫১৪০) বলে জানান তিনি।