প্রমোশনের মৌসুমেই রেলিগেশনের পরিণতি বরণ করতে হলো নোফেল স্পোর্টিং ক্লাবকে। গতকাল ঢাকায় শেখ জামালের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে অবনমন নিশ্চিত করল নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রথম তিন অক্ষর নিয়ে গড়া নতুন ক্লাবটি। অবনমনে তাদের সঙ্গী টিম বিজেএমসি। ২৪ ম্যাচ শেষে নোফেলের সংগ্রহ ২০ পয়েন্ট। গতকালের এই ড্র নিশ্চিন্ত করেছে অবনমন শঙ্কায় থাকা অন্য দুটি দল রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রিমিয়ার লিগে টিকে থাকা। গতকাল সন্ধ্যায় মোহামেডানের বিপক্ষে ম্যাচে নামার আগেই রহমতগঞ্জের ঝুলিতে ২১ পয়েন্ট ছিল। ব্রাদার্সের সংগ্রহও সমান।
প্রথম পর্বেও জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল নোফেল। গতকাল ১৫ মিনিটে জামাল এগিয়ে যায় সতীর্থের ফ্রিকিকে গাম্বিয়ান স্ট্রাইকার এমিল সাম্বুর হেডে। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৪ মিনিট পর আরিফুল ইসলামের গোলে ব্যবধান কমায় নোফেল। এরপর ৮৫ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার গোলে ২-২ হয়। যোগ করা সময়ে একটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরলে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া হয়নি গতবারের রানার্সআপ জামালের। ২৮ পয়েন্ট নিয়ে তিনবারের চ্যাম্পিয়নরা লিগ শেষ করল ছয়ে থেকে। ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে স্বাগতিক সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ১৪ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই লিগ শেষ করল সাইফ। সাতে শেষ করা মুক্তিযোদ্ধার সংগ্রহ ২৬ পয়েন্ট।