উত্তর প্রদেশের উন্নাওতে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদিপ সিং সেঙ্গারকে দল থেকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত বছর ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর ক্ষমতাসীন দলের এ বিধায়ককে গ্রেপ্তার করা হয়।
চলতি সপ্তাহে অভিযোগকারী ওই কিশোরী ও তার আইনজীবীকে বহন করা গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেওয়ার পর ভারতজুড়ে তীব্র সমালোচনার মধ্যে এই বহিষ্কার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
গাড়িতে ট্রাকের ধাক্কায় ওই কিশোরীর দুই আত্মীয় নিহত হন। গুরুতর আহত ওই কিশোরী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীর মায়ের অভিযোগ, তার মেয়েকে মেরে ফেলার উদ্দেশ্যেই কুলদিপ ও তার লোকজন সড়ক দুর্ঘটনার এ নাটক সাজানোর চেষ্টা করে। ২০১৭ সালে উন্নাওয়ের এ ধর্ষণকাণ্ড ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।