বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা মার্কিন রাষ্ট্রদূতের

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।

এ সময় প্রতিনিধিদলের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, প্রথমবারের মতো তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। জাতির পিতার মাজারে আসতে ও শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজে প্রতিনিধিদলটি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

বৃহস্পতিবার রাত তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে কাটাবেন এবং শুক্রবার সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা পরিদর্শন করবেন।