শোক দিবসের কর্মসূচি নিয়ে আইনজীবীদের হাতাহাতি

জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন নিয়ে আওয়ামী আইনজীবী পরিষদ নেতাদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বগুড়া বারের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক রেজাউল করিম মন্টুর আইনজীবীদের মধ্যে কালোব্যাজ বিতরণ কর্মসূচি উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আসতে বিলম্ব হওয়ায় সাবেক সাধারণ সম্পাদক নরেশ মুখার্জি কর্মসূচি উদ্বোধন করেন। পরে এ নিয়ে মন্টুর সঙ্গে নরেশ ও আশেকুর রহমান সুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নরেশ সমর্থক আইনজীবীরা মন্টুর চেম্বার ভাঙচুর করেন। খবর পেয়ে মন্টুর অনুসারীরা নরেশ ও সুজনকে লাঞ্ছিত করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে রেজাউল করিম মন্টু বলেন, ‘আমার অর্থায়নে শোক দিবসের কর্মসূচি হাতে নেওয়া হলেও নরেশ ও তার অনুসারীরা আমাকে বাদ দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। তিনি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটি করেছেন জেনে আমি চুপচাপ ছিলাম। কিন্তু নরেশ বক্তৃতার সময় হঠাৎ আমাকে গালাগাল শুরু করলে প্রতিবাদ জানিয়ে আমি চেম্বারে চলে যাই। এর কিছুক্ষণ পর নরেশ ও সুজন কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে চেম্বারে এসে ভাঙচুর ও আমাকে লাঞ্ছিত করেন।’