ডেঙ্গু পরীক্ষায় অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি নেওয়ায় রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া রি-এজেন্টের দাম বেশি রাখায় তোপখানা রোডের মোস্তফা সার্জিক্যালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এই জরিমানা করেন।

ভোক্তা অধিকারের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, কাঁঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতাল সরকারের নির্দেশনা উপেক্ষা করে সিবিসি পরীক্ষায় ৪০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নিচ্ছিল। হাতেনাতে ধরার পর প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোস্তফা সার্জিক্যাল ডেঙ্গু পরীক্ষার রি-এজেন্টের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি নেওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এর আগে গত রবিবার ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। সব বেসরকারি হাসপাতালকে ডেঙ্গুর সব পরীক্ষায় সর্বোচ্চ ১৪০০ টাকা নেওয়ার নির্দেশনা দেয়। এছাড়া এনএসওয়ানের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা, আইজিজি  ও আইজিএম এ দুটি পরীক্ষায় ৫০০ টাকা এবং সিবিসি পরীক্ষার জন্য ৪০০ টাকা নেওয়ার নির্দেশনা দেয়। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।