গাজীপুরে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার পূর্ব পাশে ঢাকা-জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি এ কে এম কাউসার আহমেদ চৌধুরী জানান, চট্টগ্রামের অ্যালবিন ফার্মাসিটিক্যাল লিমিটেড ওষুধ কারখানার ওষুধভর্তি একটি কাভার্ড ভ্যান চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কাভার্ড ভ্যানটির ইঞ্জিন থেকে হঠাৎ করে আগুনে সূত্রপাত হয়। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে কাভার্ড ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ড ভ্যানটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।