চট্টগ্রামে আলোচনা

ডেঙ্গু প্রতিরোধে চাই চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ

ডেঙ্গুর চিকিৎসায় সারা দেশে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির এক আলোচনায় সংগঠনের সদস্য সচিব ডা. সুশান্ত বড়–য়া বলেন, ‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্রধান প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্য মন্ত্রাণালয়ের উচিত সারা দেশে সকল চিকিৎসকের জন্য হাতেকলমে ২ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা।’ এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন মাহমুদ, প্রকৌশলী সুভাষ বড়ুয়াসহ অন্যরা।

ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার কিটসের দাম বাড়ানো হচ্ছে। জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন নেই, যদি উপসর্গ দেখা না যায়। তবে ঘরে, পাড়ায় ও অফিসে মশক নিধন করতে হবে।’ ঈদুল আজহায় ছুটিতে যাওয়া মানুষের কারণে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানান এ চিকিৎসক।