স্বপ্নের এক বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দেশে ফিরেই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় নেমে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডেঙ্গুর প্রকোপ আগের বছরগুলোকে ছাড়িয়ে যাওয়া দারুণ ভাবাচ্ছে দেশসেরা এই ক্রিকেটারকে।
সাকিব নিজেও একবার ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছিলেন। এই জ¦রের ভয়াবহতা তাই তার ভালোই জানা। গতকাল রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল আয়োজিত ডেঙ্গুবিরোধী প্রচারে অংশ নিয়ে দেশের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন ‘দেশের অনেকে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন, অনেকে মারা গেছেন। যারা সচেতন মানুষ, ডাক্তার থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছেন, তারাও মারা গেছেন। এটা আমাদের জন্য ভয়ানক বিষয়। সবার উচিত এই সম্পর্কে সচেতনতা বাড়ানো। একই সঙ্গে যে যে কাজগুলো আমাদের সচেতন মানুষ হিসেবে করা উচিত, সেটা করতে হবে। আমি যতদূর জানি এই স্কুলে সাড়ে ছয় হাজার শিক্ষার্থী আছে। তার মানে ছয় হাজার পরিবার। তারা যদি একটা করে পরিবারকেও সচেতন করে, ১২ হাজার পরিবার ডেঙ্গুর ভয়াবহতা এবং ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে জেনে যাবে। এটা যদি সামান্য পরিমাণেও কাজে আসে, আমি মনে করি আমার এই প্রচারণা স্বার্থক হবে।’
সাকিব জাতীয় দলের সব ক্রিকেটারকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানান, ‘আমি মনে করি, সবারই নিকটস্থ স্কুলগুলোতে গিয়ে প্রচারণায় অংশ নেওয়া উচিত। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমেরও বড় ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমে আমাদের এই কথাগুলো শুনে যদি কেউ সচেতন হয় সেটাই সার্থকতা। আমরা যারা ঢাকায় থাকি, তাদের সবার দায়িত্ব এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।’ বক্তব্য শেষে সাকিব মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন।