গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুর মহানগরীর পুবাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম ওরফে নজু মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত নজরুল মাদক ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তালুটিয়া বালুর মাঠ এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নজরুলের বাবার নাম গোলাম মোস্তফা। টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ৩টি শটগান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব।

অভিযানে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে র‍্যাব-১ এর মিডিয়া সেল।

নিহত নজরুলের লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।