কয়েক সপ্তাহ আগে হুট করে বলিউড ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্য করে হইচই বাঁধিয়ে দেন জায়রা ওয়াসিম। সে ঘটনা নিয়ে মুখ খুললেন কিশোরী অভিনেত্রীর অভিষেক সিনেমা ‘দঙ্গল’-এর পরিচালক নিতেশ তিওয়ারি।
জায়রা বলেছিলেন ধর্মীয় করে এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে নিতেশ ‘ধর্মীয়’ প্রসঙ্গ উল্লেখ না করে বলেন, একজন মেধাবী অভিনেত্রীর বলিউড ত্যাগ বেশ দুর্ভাগ্যজনক।
২০১৬ সালের ‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ে চরিত্রে অভিনয় করে জায়রা রাতারাতি তারকা বনে যান। আর ওই সিনেমা বলিউডে শীর্ষ আয়ের রেকর্ড করায় জায়রা এখন ইতিহাসের অংশ। এমনকি তাকে মূল তারকা করে নির্মিত পরের সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ও শীর্ষ আয়ের তালিকায় স্থান করে নিয়েছে।
নিতেশ তিওয়ারি বলেন, নিজের জীবন কোন পথে নেবে তার সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার জায়রার আছে। এটা দুর্ভাগ্যজনক যে এমন একজন মেধাবী অভিনেত্রী অভিনয় থেকে সরে গেল। তবে দিন শেষে এটাই তার নিজেরই বিষয়। এখানে অন্য কারো প্রশ্ন করার কিছু নেই।
অক্টোবরে মুক্তি পাবে জায়রার তৃতীয় সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’। সোনালি বোসের পরিচালনায় প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই কাশ্মীরি কন্যা। এখানে তার চরিত্র অকালপ্রয়াত অনুপ্রেরণাদায়ী বক্তা আয়েশা চৌধুরীর। এই সিনেমার প্রচারে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন জায়রা।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে নিতেশ তিওয়ারির ‘ছিচোর’। সিনেমাটির ট্রেলার মুক্তি পাবে ৪ আগস্ট।