রাসিকের প্রধান প্রকৌশলী ও তার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তার স্ত্রী আমেনা খাতুন ছবি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে, তাদের অবস্থা জটিল নয়। বর্তমানে নিজ বাড়িতেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত দুই সপ্তাহে প্রকৌশলী আশরাফুল হক দাপ্তরিক কাজের জন্য ঘনঘন ঢাকায় যাতায়াত করছিলেন। এর মধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। ডেঙ্গু জ্বরের লক্ষণও অনুভব করেন। এ অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে আশরাফুল হকের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি চিকিৎসক নিশ্চিত করেন। তবে তিনি রাজশাহীতে নাকি ঢাকাতে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তার অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়। এ জন্য নিজ বাসাতেই তার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার সকালের পরীক্ষায় প্রধান প্রকৌশলী আশরাফুল হকের স্ত্রী আমেনা খাতুন ছবির ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল পর্যন্ত মোট ১১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।