অ্যাশেজ দিয়ে সেঞ্চুরির খাতা খুললেন বার্নস

ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পেতে অ্যাশেজের জন্যই মনে হয় অপেক্ষা করছিলেন ইংলিশ ওপেনার ররি বার্নস। অ্যাশেজে জীবনের প্রথম ইনিংসেই তিন অঙ্ক স্পর্শ করলেন এই ওপেনিং ব্যাটসম্যান। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই সিরিজে অভিষেক এরচেয়ে স্মরণীয় করা যেত কী!

অস্ট্রেলিয়ান বোলারদের শাসন করে বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন বার্নস। তার ব্যাটে চড়ে অজিদের করা ২৮৪ রান তাড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড।

১১০ বলে অর্ধশতকের দেখা পাওয়া বার্নস নেঞ্চুরি পূর্ণ করেন ২২৪ বলে। শতক হাঁকানোর পথে ১৪টি বল চারে পরিণত করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর মধ্যে দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন তিনি।

বার্নের সুবাদে টেস্টে ২৯ ইনিংস পর কোনো ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেল। টেস্টে গত একশো ইনিংসে ইংলিশ ওপেনারদের এটা পঞ্চম শতক।

২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বার্ন এ পর্যন্ত খেলেছেন সাতটি টেস্ট। এর আগে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৪ রানের।