সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে নামলেন তারকারা। জনসচেতনতার অংশ হিসেবে তারা পরিচ্ছন্নতা অভিযান চালালেন এফডিসি ও তার আশেপাশে। এ সময় তারকাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২ আগস্ট, শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের শিল্পী-কুশলীদের এই অভিযান নিঃসন্দেহে জনমনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করবে। মানুষকে পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করবে।’
কর্মসূচিতে অংশ নেন তথ্যসচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মিজান উল আলম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম,চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, দিলারা, অঞ্জনা, রিয়াজ, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তানহা এবং প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক অরুণ সরকার রানাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিপুলসংখ্যক প্রতিনিধি।