স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়র বাগাড়ম্বর করছেন : মান্না

ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের কারণে দেশ আজ ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘দেশকে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ফেলে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সফরে দেশের বাইরে যাওয়া দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আর দুই মেয়র বাগাড়ম্বর করেছেন।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘এটা এরই মধ্যে মহামারীর পর্যায়ে পৌঁছেছে। অথচ হাইকোর্ট গত ফেব্রুয়ারিতে দুই সিটি করপোরেশনকে সতর্ক করেছিল, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘মশা মারার ওষুধ আমদানি না করতে পারলেও এ নিয়ে নাটক থেমে নেই। বর্তমান ওষুধ কার্যকর না হলেও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য একই ওষুধ কেনা হয়েছে। কার্যকর নতুন ওষুধ কেনার জন্য বরাবরের মতো প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হয়েছে। মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার অপেক্ষায় থাকতে হলে মন্ত্রী-মেয়রের কাজ কী।’ এখনো ডেঙ্গু মৌসুমের তিন মাস বাকি রয়েছে, সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারের জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে সেটার ফল কী হতে পারে তা পশ্চিমবঙ্গ দেখিয়েছে।