রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। মৃত দুজন হলো লালবাগ শহীদনগরের কারখানা শ্রমিক শামীম বেপারি (২৩) ও ডেমরার স্কুলছাত্র মোফাজ্জল হোসেন রিহাব (১৩)।

রিহাবের স্বজনরা জানান, বরিশালের মেহেন্দিগঞ্জের বোঙ্গা গ্রামের দিদার হোসেনের ছেলে রিহাব পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া আড়াবাড়ি এলাকায় থাকত। সে স্থানীয় সালাউদ্দিন স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে আড়াবাড়ি মাঠে ক্রিকেট খেলতে যায় রিহাব। এ সময় বল পাশের একটি ভবনের ছাদে পড়ে। সেটি আনতে যায় সে। ৫-৬ মিনিট পার হলেও সে ফিরে না আসায় বন্ধুরা গিয়ে দেখতে পায়, ভবনের ছাদের পাশে বিদ্যুতের তারে ঝুলছে রিহাব। পরে স্থানীয়রা বাঁশ দিয়া তাকে নিচে নামান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বেলা ১১টার দিকে লালবাগ শহীদনগর ১০ নম্বর গলিতে একটি প্লাস্টিক কারখানায় কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শামীম। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামে।