অনতিবিলম্বে দলমত নির্বিশেষে বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনগণের কল্যাণে যারা কাজ করছে সেসব মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে একটি ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ করার অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু আক্রান্তদের ফ্রি টেস্ট ও চিকিৎসা এবং বন্যার্ত এলাকার সব ঋণ মওকুফ ও সুদবিহীন নতুন ঋণ প্রদানের দাবিতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ নামক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে আলাল এ দাবি জানান।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। দুই মেয়রকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে এগিয়ে এসেছে তাদের শত্রু মনে করে দমন না করে কাজ করার সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ঢাকায় ডেঙ্গুজ¦র যখন মহামারী আকারে দেখা যাচ্ছে তখন এই উপদেষ্টা এর মধ্যে আরও চিনি-ঘি ঢেলে দিয়ে ভালো করে পাকিয়ে দিয়েছেন। এতদিন যে আতঙ্কটা মূলত রাজধানীকেন্দ্রিক ছিল সেই আতঙ্কটাকে এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর রেফারেন্সে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এটা দায়িত্বহীনতার নমুনা।