স্বামী বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন জনগণের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন মিশেল ওবামা। সম্প্রতি গুঞ্জন উঠে, সাবেক এই ফার্স্টলেডি আগামি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নিউজ উইক জানায়, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন, সেটি নির্ধারণে ২০ জন ডেমোক্রেট প্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এ সপ্তাহে। এদের বাইরে অনেকেই মনে করছেন মিশেল ওবামাই ট্রাম্পকে হারানোর অধিক যোগ্য।
তবে এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মিশেল ওবামা। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা চিন্তা নেই তার।
দ্য ন্যাশনালে এক সাক্ষাতকারে এক প্রশ্নে তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা একেবারেই শুন্য। তার মতে, দেশের জন্য কাজ করে যেতে আরও অনেক উপায় আছে।
সাবেক এ ফার্স্টলেডি বলেন, “নানাভাবে দেশের উন্নতি এবং বিশ্বের জন্য কাজ করে যাওয়া সম্ভব। পরিবারগুলোর সুস্বাস্থ্য জীবনমান নিশ্চিত করতে তরুণদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তবে ওভাল অফিসের সিটে বসার ইচ্ছা নেই আমার। এটি আমার জন্য না।”
সম্প্রতি মার্কিন নির্মাতা মাইকেল মুর আগামি নির্বাচনের জন্য ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতায় মিশেলই অধিক যোগ্য বলে মন্তব্য করেন।
তার মতে, বিতর্কে ট্রাম্পকে হারাতে পারবেন একমাত্র মিশেলই। নির্বাচনে জিতে আসতে তিনি বেশ শক্তিশালী অবস্থানে থাকবেন।