বিএনপি সরকারের অযৌক্তিক সমালোচনা করে জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানুষ পুড়িয়ে হত্যা করে তারা গণতন্ত্রের কথা বলে, তারাও ছবক দেয়।
শনিবার রাজধানীর বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বারডেম শাখা আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনার এই দশ বছরের পথচলা মসৃণ ছিল না। এই দশ বছরে আপনারা দেখেছেন বারবার এই দেশের ওপরে, জনগণের ওপরে আঘাত এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার, নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়ার শখের কারণে বাংলাদেশের জনগণের ওপর হামলা হয়েছে, আঘাত এসেছে।
তিনি বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে কোনো কারণ ছাড়াই। তারা গণতন্ত্রের কথা বলে, তারাও ছবক দেয়। বিভিন্ন সময় তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। যৌক্তিক শুধু নয়, অযৌক্তিক সমালোচনা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।
এ সময় বিএনপিপন্থী হিসেবে পরিচিত ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের চিকিৎসকদের ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভূমিকা কী জানতে চান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, এখানেও দেখেন আজকে আমাদের বিভক্তিটা কোথায় আছে। এই যে আপনাদের মধ্যে ডাক্তার যারা আছেন, চিকিৎসক যারা আছেন আপনাদের মধ্যে সংগঠন আছে দুটি। যারা ড্যাব হিসেবে চিহ্নিত, যারা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তাদের ভূমিকা কোথায়, নেই। সমালোচনা করে যাচ্ছেন, সরকারের বিরুদ্ধে শুধু সমালোচনা করছেন। পঁচাত্তরের পণেরই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জাতিকে যে বিভক্ত করে দিয়েছে এইগুলো বিভক্তির ফল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বিভক্তি এসে গেছে। আজকে একটা বড় সমস্যা নিয়ে এই সময়ে দেশ জাতি উদ্বিগ্ন। ডেঙ্গু ভয়াবহ রোগ হিসেবে সবাই আতঙ্কিত হয়ে গেছে। সেই ডেঙ্গু রোগে যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সকল ডাক্তাররা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সরকারের পক্ষ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্যে গিয়েছেন, ওনার চোখ অপারেশন হয়েছে। সার্বক্ষণিক উনি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন। গোটা জাতি যেখানে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন এবং সকলেই চেষ্টা করছেন যাতে এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যায়। ডেঙ্গু রোগে আক্রান্ত যারা তাদেরকে যেন চিকিৎসা করে দ্রুত সুস্থ করা যায়।