রাজধানীতে কর্তৃপক্ষের উদাসিনতায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করছে বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
সংগঠনটির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, সরকারি গবেষণায় বলা হলো মশার ওষুধের কার্যকারিতা নেই। তারপরও কেন এক বছর ধরে এ ওষুধ ছিটানো হচ্ছে? মার্চ মাসে বলা হলো, ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। তারপরও কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো না?
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচও’র মতে প্রতি একলাখ লোকের ১৫ জন আক্রান্ত হলে তাকে মহামারি বলা যায়। সে হিসেবে অনেক আগেই মহামারি আকার ধারণ করেছে রাজধানী।
শনিবার রাজধানীর প্লানার্স ভবনে বিআইপি’র ‘ডেঙ্গু, জনস্বাস্থ্য এবং আমাদের নগর উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এ গোলটেবিলে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচী সংগঠক মো. মারুফ হোসেন, শেলটেক প্রা. লিমিটেডের নগর পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম, বিআইপি’র প্রাক্তন সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন, বিআইপি’র সদস্য সালমা এ শফী, বিআইপি’র সভাপতি অধ্যাপক ড. এ কে এম আবুল কালামসহ আরো অনেকে।