রাশিয়ায় বিরোধী নেতা আটক

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুমতিবিহীন একটি বিক্ষোভের আগে বিরোধী নেতা লিউবব সোবলকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে একটি ট্যাক্সিতে ওঠার পর পুলিশ কর্মকর্তারা তাকে টেনেহিঁচড়ে কালো ভ্যানে তুলে নিয়ে যান।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় নির্বাচনে বিরোধী দলের বেশ কিছু প্রার্থীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে মস্কোতে জড়ো হন বিক্ষোভকারীরা। রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, মস্কোজুড়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিছু প্রতিবেদনে আটকের সংখ্যা প্রায় ৯০ জন বলে জানানো হয়েছে। আটকের সংখ্যা জানানোর জন্য হটলাইন পরিচালনাকারী গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, তারা ৮৯ জনকে আটকের খবর পেয়েছে। এ সংখ্যাটা দ্রুতই বদলাচ্ছে। বিক্ষোভকে কেন্দ্র করে দাঙ্গা পুলিশের কর্মকর্তারা মস্কোতে উপস্থিত হন। তারা লোকজনকে বিক্ষোভে অংশ না নিতে সতর্ক করে দেন।

গতকাল শনিবার আটক হওয়া সোবল আইনজীবী ও ভিডিও ব্লগার। স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা কয়েকজনের মধ্যে তিনিও রয়েছেন। তিনি টানা ২১ দিন অনশনে অংশ নিয়ে নাগরিকদের গতকালের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। রুশ কর্র্তৃপক্ষের ভাষ্য, সড়কে বিক্ষোভের নিয়মকানুন লঙ্ঘনের জন্য তাকে আটক করা হয়েছে। এর আগে জুলাইয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সোফায় বসা অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।