ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্মূলে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকায় থাকা ৫০ হাজার পুলিশ সদস্যকে এতে ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, এডিস মশা নিধন করে, মশার লার্ভা ধ্বংস করে ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আমরা সহায়তা করতে পারব। এজন্য চাই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গতকাল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহানগর পুলিশের সব পুলিশ লাইনস, উপকমিশনার দপ্তর, থানা, ফাঁড়ি, কন্ট্রোল রুম, মেস ও ডাইনিংয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কথা জানান ঢাকার পুলিশপ্রধান।
তিনি বলেন, আমরা এডিস মশা নিধনের ওষুধ ও ফগার মেশিন কিনেছি। ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে যদি এডিস মশার লার্ভা ২৪ ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারি তাহলে আর ডেঙ্গু ছড়াবে না।
কমিশনার আরও বলেন, শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে না। এজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। যার যার আঙিনা তাকেই পরিষ্কার করতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৬০-৭০ লাখ মানুষ গ্রামে যাবে। এখনই যদি ঢাকার এডিস মশা নিধন করতে না পারি তাহলে ডেঙ্গু গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ডেঙ্গু নিধনে ডিএমপির উদ্যোগ তুলে ধরে আছাদুজ্জামান মিয়া বলেন, বিভিন্ন থানার ৩০২ বিটের পাড়া-মহল্লায় সচেতনতা কর্মসূচি গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কাউন্সিলর ও কমিউনিটি পুলিশ নিয়ে মহল্লাবাসীকে একত্রিত করে সবাইকে সচেতন করে নিজ এলাকায় ওষুধ ছিটানোর জন্য বলা হয়েছে।