জনগণকে মৃত্যুর ফাঁদে ঠেলে দিচ্ছে সরকার : রিজভী

আওয়ামী লীগ সরকার জনগণকে পদে পদে মৃত্যুর ফাঁদে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণ আজ বন্যা, সড়ক দুর্ঘটনা, ভেজাল খাদ্য, গণপিটুনি, আগুনে পুড়ে, প্রকাশ্য দিবালোকে গলা কেটে, নৃশংস ধর্ষণের শিকার হয়ে এবং ক্রসফায়ারে গুলি খেয়ে মৃত্যুসহ নানা ফাঁদে নিপতিত।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে রিজভী বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার দেশে বর্বর বন্য শাসন জারি রেখেছে। তিনি বলেন, মনে হচ্ছে আমরা এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার স্বেচ্ছাচারী জনপদে বসবাস করছি। যেখানে কারও কথা বলার স্বাধীনতা নেই, সরকারের সমালোচনা করার অধিকার নেই, গুম কিংবা বিনা বিচারে হত্যা নিত্যদিনের ঘটনা।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের মানুষের প্রাণহানি ঘটছে অথচ সরকারপ্রধান দেশের বাইরে। মানুষ বলছে, ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়ার ভয়ে প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ ক্রয়ের নামে সরকারের মন্ত্রী ও মেয়ররা জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।