২১ আগস্টের গ্রেনেড হামলা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্যের কাশিমপুর কারাগারে মৃত্যু

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মৃত্যুদণ্ড প্রাপ্ত এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মাওলানা ইয়াহিয়া (৬৩)। তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলসুপার মো. শাহজাহান জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুদ-প্রাপ্ত কয়েদি হাফেজ

মাওলানা ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, হাফেজ ইয়াহিয়া ২০০১ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনার বটমূলে বোমা হামলা মামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এবং ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভার পাশে ৭৪ কেজি বোমা পুঁতে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, হাফেজ মাওলানা ইয়াহিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।