বগুড়ায় ট্রাক চাপায় নিহত আরেক ট্রাকের মালিক

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন অপর এক ট্রাকের মালিক। রবিবার সকাল ৭টায় বগুড়া-নাটোর মহাড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের অদূরে একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী (৫০) পাবনার দাশুড়িয়া গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, নাটোরগামী পাথরবোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৮২) সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। সেসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভেতর বসে থাকলেও ট্রাক মালিক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপেক্ষমাণ ছিলেন। এসময় পেছন থেকে অপর একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি জানান, দুর্ঘটনার পর পরই নন্দীগ্রাম থানা পুলিশ ট্রাক দুইটি আটক করেছে। নন্দীগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ দেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।