হজ ব্যবস্থাপনার সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা দিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও তার স্ত্রীসহ ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব যাচ্ছেন।
রবিবার সিইসির ব্যক্তিগত কর্মকর্তা একেএম মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিইসি তার স্ত্রীসহ ঢাকা ছাড়বেন।
জানা গেছ, অন্যদের মধ্যে এই দলে আছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী, সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ, ধর্মসচিব মো. আনিছুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক–৩ মো. আজিজুর রহমান।
নির্বাচন কমিশনের জারি করা এ-সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, সহজে হজ কাজ সম্পন্ন করার জন্য হজ ডেলিগেশন টিমের সদস্য হিসেবে সিইসি সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা দেবেন।
২১ আগস্ট তার ফেরার কথা। এ সময় তার স্ত্রী হোসনে আরাও সঙ্গে থাকবেন। সৌদি সফরকালে সিইসি রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন বলেও জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, প্রতিনিধিদলের সদস্যরা প্রত্যেকে ভ্রমণসঙ্গী হিসেবে স্বামী/স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে সঙ্গে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমানের টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে এবং মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, মিনা–আরাফাহর তাবু ভাড়ার ব্যয় বাবদ জনপ্রতি এক লাখ টাকা যাত্রার আগে পরিশোধ করতে হবে।