ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেডিকেল সেন্টারে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিট না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সারওয়ার জাহান মুক্তাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) আমাদের এখানে ডেঙ্গু পরীক্ষা সাপোর্ট করছে। তারা জানিয়েছে এ পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন তা তাদের শেষ হয়ে গেছে। তাই সোমবার থেকে তাদের কার্যক্রম বন্ধ থাকবে।
ডা. সারওয়ার জাহান বলেন, আমরা ইতিমধ্যে কিট চেয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে বুধবার থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়। এরপর বৃহস্পতিবারও এ কার্যক্রম অব্যাহত ছিল।
প্রথম দু’দিনে ৩০১৮ শিক্ষার্থীর মধ্যে ২১ জনের ডেঙ্গু শরীরে ধরা পড়েছে। রোববার ১৫০ শিক্ষার্থীর রক্ত সংগ্রহ করা হয়।
শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এ কার্যক্রম বন্ধ ছিল।