চলতি মাসেই রোহিঙ্গা প্রত্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই রোহিঙ্গাদের রাখাইন প্রত্যাবাসন শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি খুব ইতিবাচক… আশা করছি এ মাসেই (প্রত্যাবাসন) শুরু করতে পারব।’

সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সাইডলাইনে বিভিন্ন বৈঠক থেকে বিভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে ড. মোমেন বলেন, ভারত ও চীন উভয় দেশ মিয়ানমারের রাখাইনে ঘর-বাড়ি নির্মাণ করেছে, যেখানে রোহিঙ্গারা ফিরে গিয়ে থাকতে পারবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এটা অনেক ভালো সময় বলেও মনে করেছেন তারা।

রোহিঙ্গা দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে ভারতের সহযোগিতা চাওয়া হলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সহায়তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।