কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিং-কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে একসঙ্গে আবারও টেস্ট খেলছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরুন ব্যানক্রফট। চলতি অ্যাশেজ দিয়েই টেস্টে ফিরেছেন তারা। ইংল্যান্ড সফরে ইংলিশ সমর্থকদের দুয়োর হাত থেকে যে এই ত্রয়ী রক্ষা পাবেন না তা আগেই বোঝা গিয়েছিল। হচ্ছেও তাই।
বার্মিংহামের এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট খেলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এ ম্যাচ চলাকালে একটা সময় বাউন্ডারি লাইনে ওয়ার্নারকে দেখতে পেয়েই সমর্থকেরা বলতে শুরু করেন, “ওর হাতে স্যান্ডপেপার আছে।’’
তবে ওয়ার্নার তার স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েই তাদের মুখ বন্ধ করে দেন। অস্ট্রেলিয়ান তারকা পকেটে হাত ঢুকিয়ে পকেটের ভেতরের কাপড় সামনে বার করে এনে দেখান কিছু নেই তাতে। সেটি ফাঁকা।
ওয়ার্নারের এই কাণ্ড দেখে হাসি দমিয়ে রাখতে পরেননি দর্শকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দৃশ্য ছড়িয়ে পড়েছে। চলছে আলোচনা।
তবে নিজের প্রত্যাবর্তন টেস্টে ভালো করতে পারেননি ওয়ার্নার। প্রথম ইনিংসে করেছিলেন ২ রান। দ্বিতীয় ইনিংসে থামেন ৮ রানে।