ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের হজযাত্রা বাতিল

সারাদেশে ডেঙ্গুর প্রকোপের কারণে স্বেচ্ছায় হজযাত্রা বাতিল করেছেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

রোববার বিকেল সাড়ে তিনটায় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা পবিত্র হজ  পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম তাদের সাথে যাননি।

উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ ৪ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় শিশুসহ ২৫ হাজার নারী-পুরুষ। সরকারি হিসাবে ১৮ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরো অনেক।