চলতি অ্যাশেজের প্রথম টেস্ট জিততে ইংল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে এই টার্গেট দাঁড় করায় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বিনা উইকেটে ১৩ রানে দিন শেষ করেছে। শেষ দিনে জয়ের জন্য ৩৮৫ রান দরকার স্বাগতিকদের।
এজবাস্টনে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত অবস্থান এনে দিয়েছেন স্টিভেন স্মিথ ও ম্যাথু ওয়েড। দুজনের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে বিশাল স্কোর গড়ে অজিরা। টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন স্মিথ। ২০৭ বলে ১৪২ রানে ফিরে যান তিনি। ২৫তম টেস্ট সেঞ্চুরির পথে অ্যাশেজে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলিয়ান হয়েছেন। ওয়েড করেন ১৪৩ বলে ১১০ রান।