ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার-২০১৯’ গ্রহণ করলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ পদক তুলে দেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ফরিদা পারভীন বলেন, ‘আমার সংগীত জীবনের শুরুর দিকে ফিরোজা বেগমের সঙ্গে গান করার ভীষণ ইচ্ছা জাগত। পরবর্তী সময়ে দিল্লির বেঙ্গল সম্মেলনে এক মঞ্চে গান গেয়েছি। এটা আমার জীবনের বড় ঘটনা। যতদিন বেঁচে থাকব তার স্মৃতিকে ধরে রাখব। ফিরোজা বেগমের পরিবারের কাছে আমার অনেক ঋণ আছে। এই পদক আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়ে কম কিছু নয়। এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, ‘গান শুধু বিনোদনের খোরাক নয়। মানবিক গুণাবলি বিকশিত করার পাশাপাশি সুরের মাধ্যমে জাগ্রত হয় মানুষের দেশাত্মবোধ।’
উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানিয়ে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তন করে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’। জুরিবোর্ড প্রতিবছর একজন শিল্পীকে এই স্বর্ণপদক ও পুরস্কারের জন্য মনোনীত করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ছাত্রী খোন্দকার আনিকা ইসলামকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এর আগে সাবিনা ইয়াসমীন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭), রুনা লায়লা (২০১৮) ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেয়েছেন।