চুরির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব

‘গলা কেটে হত্যার পর বালু চাপা দেয় বন্ধুরা’

ঠিকাদারি সাইটের চুরি করা মালের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে পিকআপ চালক উজ্জ্বল সিকদারকে গলা কেটে হত্যা করে বন্ধুরা। এর আগেও দুবার তাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যাচেষ্টা করেছিল তারা। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

গত শুক্রবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনাল থেকে উজ্জ্বলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় পালিয়ে যাওয়ার সময় বন্ধু সোহাগকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। এ ঘটনায় উজ্জ্বলের মা বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় মামলা করেন।

নগরীর দক্ষিণ আলেকান্দায় পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ উজ্জ্বলকে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার দুই সহযোগী রবিউল ও রমজানকে গ্রেপ্তার করা হয়। তারা আলেকান্দার বাসিন্দা।