ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ঢাকা মেডিকেলের

ডেঙ্গুজ্বর নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা বলছে, এ রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এক হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে।

গতকাল রবিবার হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে। তিনি জানান, ইতোমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে দেশের সব জায়গায় ডেঙ্গুর চিকিৎসা মিলবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক বলেন, আতঙ্কের কারণে শরীর হালকা গরম হলেও অনেকে ডেঙ্গুর পরীক্ষা করতে আসছেন। ফলে জনবল, শ্রম যাচ্ছে অযৌক্তিক কাজে।