চাঁদাবাজরা কারওয়ানবাজার ছাড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রী

‘সম্প্রতি কারওয়ানবাজারে চাঁদাবাজির কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, চাঁদাবাজরা কারওয়ানবাজার ছেড়ে চলে যান।’ গতকাল রবিবার রাজধানীর কারওয়ানবাজারে পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি মাসে কারওয়ানবাজারে খুন হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। চাঁদাবাজিও বন্ধ হয়েছে। কারওয়ানবাজারে মাস্তানি-চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘বুড়িগঙ্গা নদীতে ছয় থেকে সাত ফুট শুধু পলিথিনের গার্বেজ। বিদেশ থেকে এক্সপার্ট আনা হচ্ছে। তবুও আমরা পুরোপুরি পারছি না। এর কারণ পলিথিন। ক্যানসার, কিডনি রোগী কেন বাড়ছে? কারণ, পলিথিন। মাছের ভেতরে পলিথিন ঢুকে গেছে। তিমি মাছ যখন ধরা পড়ে কিংবা উপকূলে চলে আসে, তখন দেখা যায়, পেটে পলিথিন আর পলিথিন।’