কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর দুই নম্বর স্লইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ২ এর মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত জলিল আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০)।
ঘটনাস্থল হতে ২০ হাজার পিস ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও চার রাউন্ড তাজা কর্তুজ উদ্ধারের দাবি বিজিবির।
টেকনাফের ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে- এমন খবর পায় বিজিবি।
এর পরিপ্রেক্ষিতে খারাংখালী নাফনদীতে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। রাত ৩টার দিকে ৪/৫ জন লোককে এপারে ঢুকতে দেখে তাদের চ্যালেঞ্জ করা মাত্রই বিজিবির ওপর গুলি ছুঁড়তে থাকে পাচারকারীরা। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
কিছু সময় গোলাগুলির পর অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। বিজিবি ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ওই সব ইয়াবা ও অস্ত্রসহ দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।