স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানেই ডেঙ্গু নাই। ডেঙ্গু নিয়ে দেশে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি।
রবিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে ডেঙ্গু নিধনে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এসব বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে, ডেঙ্গু নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। ডেঙ্গু আজকে বাংলাদেশে প্রথম নয়, চার-পাঁচ বছর হয়ে গেছে ডেঙ্গু বাংলাদেশে আছে। এবার প্রকোপটা বেশি। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে ডেঙ্গু নেই।
ঈদের সময় ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু যেহেতু ঢাকায় বেশি হয়েছে। এই ডেঙ্গু রোগীরা সারাদেশেই ছড়িয়ে দিতে পারে। অন্যান্য জেলায়ও ডেঙ্গু বাড়তে পারে। সেজন্য সমস্ত জেলা প্রশাসক, সিভিল সার্জনকে জানানো হয়েছে যেনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।”
তিনি বলেন, সবার প্রচেষ্টা এবং সচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। প্রত্যেকে নিজেদের বাড়ি ও এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই দ্রুত এটি নির্মূল হয়ে যাবে। আগামী কয়েক মাসের মধ্যে ডেঙ্গু নিমুর্ল সম্ভব।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। তাই ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সরকারি হাসপাতালগুলোতে কিটের ঘাটতি নেই।
এসময় তিনি আসন্ন ঈদে সরকারি হাসপাতালগুলোর মতো বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ।