কাশ্মীর প্রশ্নে মোদির পাশে দাঁড়িয়েছেন ভারতে বিজেপি-বিরোধীদের মধ্যে অন্যতম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও মোদির সাম্প্রদায়িক ইস্যুতে বেশ সরব থাকেন তিনি।
এক টুইট বার্তায় কেজরিওয়াল বলেন, আমরা জম্মু-কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানাই। আমরা আশা করি এর মাধ্যমে রাজ্যটিতে শান্তি ফিরে আসবে এবং সেখানে উন্নয়ন হবে।
উল্লেখ্য, কাশ্মীরের মালিকানা নিয়ে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। উভয় পক্ষই জম্মু ও কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। পাশাপাশি কাশ্মীরের ভারতশাসিত অংশে রয়েছে স্বাধীনতা আন্দোলনের প্রভাব। সেই প্রভাবকে প্রশমিত করতে ভারতের সংবিধানে একটি বিশেষ ব্যবস্থা রেখে ভারত-শাসিত জম্মু-কাশ্মীরকে দেওয়া হয়েছিল বিশেষ মর্যাদা।
এই বিশেষ ব্যবস্থার কারণে ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে একটু বেশি প্রশাসনিক ও অন্যান্য সুবিধা পেয়ে থাকত বিরোধপূর্ণ জম্মু-কাশ্মীর। মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে ভারতের সংবিধান থেকে সেই বিশেষ ৩৭০ ধারাটি বাতিল করার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মোদির বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এ সংক্রান্ত ঘোষণা দেন। অমিত শাহ বলেন, “ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হবে। জম্মু ও কাশ্মীর আর রাজ্য নয়।” সেসময় তিনি জানান, জম্মু ও কাশ্মীর পুনর্গঠিত করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হবে- একটি জম্মু ও কাশ্মীর, অন্যটি লাদাখ।
মোদি সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রায় সব বিরোধীদল। এমন পরিস্থিতিতে সংস্কারবাদী নেতা হিসেবে খ্যাতি পাওয়া এবং বিজেপি বিরোধী হিসেবে পরিচিত কেজরিওয়াল মোদি-অমিতকে সমর্থন জানালেন টুইট বার্তায়।