বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। এদিকে এই ছবির একটি প্রমো ভিডিওতে অক্ষয় কুমারকে দেখা গেল আবৃত্তি করতে। তাও আবার বাংলা ভাষায়। টুইটারে প্রকাশিত হওয়া ওই টিজার ভিডিওতে দেখা যায় আধা বাংলায় কবিতা আবৃত্তি করছেন অক্ষয়।
'এই চুড়ি আর বালার শব্দ হবে একটা স্বপ্ন, সারা রাত জাগিয়ে রাখবে... আকাশ যত উঁচুতে থাকুক না কেন বহুদূর পৌঁছে যাবে/ মঙ্গলসূত্র গলায় নিয়ে মঙ্গল কামনার লক্ষ্য নিয়ে ভারতীয় কন্যার মহাকাশ যাত্রা...' ভাঙা ভাঙা বাংলায় আবৃত্তি করা এই কবিতা শুনে উচ্ছ্বসিত তার বাঙালি ভক্তরা।
অল্প সিঁদুর, চুড়ি, গলায় মঙ্গলসূত্র নিয়েই আজকের মেয়েরা চাইলে আকাশ ছুঁতে পারে নিমেষে সেই কথাই বলা হয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি ‘মিশন মঙ্গল’-এ। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার মতো তারকারা। ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস অর্থাৎ আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে গুজরাতি, মারাঠি, পাঞ্জাবি আর বাংলায় অক্ষয় এই ইয়ে সিন্দুর প্রোমো ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়ের এই সাহসী, নতুন পদক্ষেপকে। বাংলা ভাষার প্রমোটিও উদ্বোধন করেছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলি টুইটারে এ নিয়ে পোস্টও দিয়েছেন।
সৌরভ গাঙ্গুলির পোস্ট দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বয়ং অক্ষয়। অক্ষয় বলেন, ‘দেশের প্রাক্তন অধিনায়কের এই প্রশংসা তার পরম প্রাপ্তি। উচ্চারণ অনেক ক্ষেত্রেই নিখুঁত হয়নি। আশা করি দাদা এবং বাংলা সেই ত্রুটি নিজগুণে ক্ষমা করে নেবেন।’