যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ডেটনে বন্দুক হামলায় যে নয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে বন্দুকধারীর নিজের বোনও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ২২ বছর বয়সী ওই নারীর নাম মেগান বেটস।
হামলায় প্রথমেই যে কয়েকজনের গায়ে গুলি লাগে তাদের মধ্যে মেগানও ছিলেন। পুলিশ জানিয়েছে, বন্দুক হামলা ৩০ সেকেন্ডেরও কম সময় স্থায়ী হয়। ওই হামলায় আরও ২৭ জন আহত হয়েছে।
গুলির শব্দ শোনার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হয় পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন। বন্দুকধারী কনর বেটস যখন হামলার পর একটি জনাকীর্ণ বারে প্রবেশ করতে যাচ্ছিলেন তখনই পুলিশ তাকে গুলি করে। ডেটনের পুলিশ প্রধান রিচার্ড বিয়েল বলেন, বেটস যদি বারের দরজা দিয়ে ঢুকতে পারতেন, তাহলে ‘ব্যাপক প্রাণহানি’ হওয়ার আশঙ্কা ছিল। তবে এই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনো পরিষ্কার নয়।
টেক্সাসের এল পাসোতে বন্দুক হামলার পর ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফায় ওহাইয়োতে বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা বিয়েল জানান, স্থানীয় সময় রাত ১টা ৫ মিনিটে বেটস প্রথম গুলি চালান। এরপর আরও কয়েক রাউন্ড গুলি চালান তিনি।