হজ নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ নেই : হাব সভাপতি

চলতি বছর হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেনি বলে দাবি করেছেন হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম। কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গতকাল সোমবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ এই নেতা।

তিনি বলেন, এ বছর স্মরণকালের সফল হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। গত রবিবার ধর্ম প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন চলাকালে চারজন যাত্রী হজে যেতে পারছেন না বলে জানান। তাদের নামের বিভ্রাটের কারণে এই জটিলতা দেখা দেয়। আমরা ইতিমধ্যে সৌদি এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি। আশা করি তারাও যেতে পারবেন।

শাহাদাত হোসাইন জানান, এ বছর প্রায় ৬০ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় করা হয়েছে। আগামী বছর অধিকাংশ হজযাত্রী প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সুবিধা পাবেন।

হাব সভাপতি বলেন, অসুস্থতা কিংবা ব্যক্তিগত কারণে ২২২ জন হজযাত্রী বিভিন্ন কারণে যাচ্ছেন না। কোনো এজেন্সির কারণে যদি হজযাত্রীরা বিড়ম্বনার শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাবেরও সদস্যপদ থাকবে না। হজ ব্যবস্থাপনা আরও নিখুঁতভাবে পরিচালনা করতে চাই।

তিনি বলেন, এজেন্সির মাধ্যমে ও ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন করলে কেউ যদি প্রতারণা করে, তাহলে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়। তাই আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তাদের বলব, আপনারা পুরোপুরি দালাল পরিহার করবেন।