ডেঙ্গু রোগীদের সহায়তার জন্য হেল্প সেন্টার চালু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সঙ্গে রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহায়তায় এ সেবা চালু করা হয়। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এ কথা জানান।
নগরীর নুর আহমদ সড়কের দলীয় কার্যালয় নাসিমন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হেল্প সেন্টার থেকে ডেঙ্গু রোগীদের বিনা মূল্যে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু রোগ অতীতের সব রেকর্ড ভেঙে সারা দেশে এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ২৫ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে সারা দেশে ৫৭ জন মানুষ মারা গেছে। ডেঙ্গু নিয়ে দেশের মানুষ আতঙ্কিত। অথচ এই সময়ে সরকারের মন্ত্রী, এমপি, আমলারা বিদেশ ভ্রমণে ব্যস্ত। স্বাস্থ্যমন্ত্রী নিজেও বিদেশে ছিলেন। তিনি এসে ডেঙ্গুর সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করেছেন; যা খুবই অমানবিক। চট্টগ্রামের সিভিল সার্জন এ সময়ে বিদেশ ভ্রমণে রয়েছেন। দেশের মানুষকে মহামারীর মধ্যে রেখে তারা উৎসবে মেতেছে।