শরীয়তপুরে মানববন্ধন

শিক্ষক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন রতনের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতির নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা এবং বিঝারি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর দুটি ব্যানারে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় তারা।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি আনোয়ার কামাল, বিঝারি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ শিক্ষক সমিতির নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলার নশাসন সরদারকান্দি গ্রামের ইমরান হোসেন সরদারকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। ওই দিন রাত ১টার দিকে তিনি মারা যান।