রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় থেকে ‘অপহৃত’ বেঙ্গল গ্লাস ওয়ার্কস ফ্যাক্টরির আইটি শাখার সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান শাহীন গতকাল সোমবার বাসায় ফিরেছেন। মিরপুর-২ নম্বর সেকশনের বাসায় ফেরার পর এতদিন কোথায় ছিলেন বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল, সে ব্যাপারে শাহীন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। শাহীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইটি বিশেষজ্ঞ হিসেবে চার বছর খ-কালীন চাকুরি করেছিলেন।
গত ২ মে সকালে শাহীন তেজগাঁও শিল্পাঞ্চলে অফিসে কাজে যোগ দেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বের হন। এরপর একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গতকাল ফিরে আসার পর শাহীনের ভায়রা মো. মঞ্জু বলেন, সকালে শাহীন বাসায় ফিরেছেন। এর বেশি এখন বলা সম্ভব হচ্ছে না। কারণ তার মনের অবস্থা এখন ভালো নয়। আর আমরা এসব বিষয়ে তার কাছে কিছু জানতেও চাইনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, অপহৃত আইটি বিশেষজ্ঞ ফিরে এসেছেন এমন খবর কেউ থানায় জানাননি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।