বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ একাধিক কর্মসূচির আয়োজন করে মাহবুব আলী খান স্মৃতি সংসদ।
কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে মরহুমের বাসভবনে ‘মাহবুব ভবন’ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়।
মরহুমের বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ, মো: মোশারেফ হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ড্যাবের বর্তমান সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানসহ বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।