খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কাঁটাবন এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আমিনুর রহমান আমিনের নেতৃত্বে একটি মিছিল কাঁটাবন থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।