যুক্তরাষ্ট্রে থাকা ভেনেজুয়েলার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির কর্র্তৃপক্ষের সঙ্গে কোনো লেনদেন না করতেও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষমতা দখলের প্রবণতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেই ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গোলার্ধের কোনো দেশের ওপর এবারই যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিচ্ছে, যা সাধারণত উত্তর কোরিয়া, ইরান, সিরিয়া ও কিউবার ক্ষেত্রে নেওয়া হয়।
বাজেয়াপ্তের নির্দেশের ফলে যুক্তরাষ্ট্রে থাকা কোনো সম্পত্তি ভেনেজুয়েলার সরকার এখন স্থানান্তর, মূল্য পরিশোধ, রপ্তানি, উত্তোলন বা অন্য কোনো উপায়ে ব্যবহার করতে পারবে না। গত পাঁচ বছর ধরে ভেনেজুয়েলা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে।