ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সফল বোলার জেমস অ্যান্ডারসন। ডানহাতি এই পেসারকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে পাচ্ছে না ইংলিশরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ৩৭ বছর বয়সী।
এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ ওভার বল করেছিলেন অ্যান্ডারসন। পায়ের মাংস পেশিতে টান পড়ায় ৪ ওভার বোলিংয়ের পর মাঠ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে বলই করতে পারেননি। তবে ব্যাট হাতে নেমেছিলেন দুই ইনিংসেই। ইংলিশরা ২৫১ রানে হারে ম্যাচটি।
চোটের পরই স্ক্যান করা হয় অ্যান্ডারসনের। এমআরআই রিপোর্টে যা এসেছে তাতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তাকে। জুন থেকেই চোটটা ভোগাচ্ছিল তাকে। ১৪ আগস্ট লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট থেকে অ্যান্ডারসনকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড।