নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে স্থিতাবস্থা হাইকোর্টের

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন-ভাতা বাড়াতে গঠিত নবম ওয়েজ বোর্ডের গেজেটের ওপর দুই মাসের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) করা এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

হাইকোর্টের এ আদেশের ফলে এই সময়ের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা যাবে না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে নোয়াবের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী। নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে এ রিট আবেদনটি করেন নোয়াবের সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আদেশের পাশাপাশি রুল দিয়েছে হাইকোর্ট। রুলে নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করতে অংশীজনদের (নোয়াব) সুপারিশ ও আপত্তি বিবেচনায় না নেওয়াকে কেন আইনগত কর্র্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, তথ্য সচিব, শ্রম সচিব ও নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।