সুপ্রিম কোর্টের বিচারকসহ সাংবিধানিক পদাধিকারীদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রটোকল দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলসহ দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপারদের এ নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিষয়ে সংবাদ প্রচার-প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকেও সতর্ক করা হয়েছে।
একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
হাইকোর্টের একজন বিচারককে খুলনা সফরের সময় প্রটোকল দেওয়ার অনুরোধ নিয়ে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীনুর রহমান এ রিট আবেদন করেন।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী একরামুল হক টুটুল।
তিনি সাংবাদিকদের বলেন, কিছু সংবাদমাধ্যম প্রটোকল নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চকে মিসকোট করে সংবাদ প্রচার করেছে। পরে একজন বিচারপতির সফর নিয়েও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হযেছে। এতে সুপ্রিম কোর্ট এবং সাংবিধানিক পদাধিকারীর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, এটাই আমি শুনানিতে বলেছি।